কলাপাড়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
কলাপাড়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আঃ মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আঃ মান্নান হাওলাদার ওই মম্বিপাড়া এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর ৫টার দিকে আঃ মান্নান হাওলাদার স্থানীয় কয়েকজন সহকর্মীর সঙ্গে মম্বিপাড়া এলাকার ৩৩ কানিয়া মাছঘাটে মাছ ধরতে যান। জাল দিয়ে মাছ ধরা শেষে সকাল সাড়ে ১০টার দিকে সবাই মিলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র ঝড়োবৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় আকস্মিক একটি বজ্রপাতে তাঁর শরীর ঝলসে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মোঃ মেহেদী হাসান জানান, বজ্রপাতে তাঁর বাবার বাম কানে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

মহিপুর থানা-পুলিশ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হওয়ায় এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়ে থানায় একটি লিখিত আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে নিহতের বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা