মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, দুই ব্যক্তিকে জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ণ
মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, দুই ব্যক্তিকে জরিমানা

আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহাসড়কের ওপর ভুট্টা মাড়াই করে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোয় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় সোনাপাতিল এলাকার মো. সুমন (২৮) ও মোছা. রিনা বেগমকে পৃথক দুটি মামলায় মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন জানান, মহাসড়ক দখল করে শস্য শুকানো বা মাড়াইয়ের মাধ্যমে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। সড়কে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের সচেতনতামূলক ও দণ্ডমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা