সিলেটে হাম উপসর্গে ৫ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ণ
সিলেটে হাম উপসর্গে ৫ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে ৩ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। মৃত শিশুদের বয়স ৬ থেকে ৮ মাসের মধ্যে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শিশুরা হলো—সিলেট নগরের আখালিয়া এলাকার মাহদী হাসান (৮ মাস), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জারা (৭ মাস) এবং শান্তিগঞ্জ উপজেলার মুস্তাকিম (৬ মাস)। এ নিয়ে গত চার দিনে ওসমানী হাসপাতালেই হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হলো। আর পুরো সিলেট বিভাগে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম জানান, শিশুদের বাঁচাতে চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সংক্রমণ ঠেকাতে টিকাদানের কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ৫৩ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ২৪১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১০৪ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ১৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

জান্নাত/সকালবেলা