ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আব্দুর রহমান আবদুল্লাহ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ ) সকালে উপজেলার চর মরজাল দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ওই এলাকার প্রবাসী শুক্কর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) দুপুরের পর থেকে শিশু আবদুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার পর এলাকায় মাইকিং ও ফেসবুকে ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে শিশুটির বাবা রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মাণাধীন ভবনের ছাদে পানি দিতে যান তাঁর স্ত্রী। এ সময় ছাদের এক কোণে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন। খবর পেয়ে শিশুটির মা সুমি বেগম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিখোঁজ আবদুল্লাহর বলে শনাক্ত করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার ঘোষ ও মো. মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, মৃত্যুর রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে।
ওসি মো. মজিবুর রহমান বলেন:
"প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। শিশুটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।"
সন্তান হারিয়ে মা সুমি বেগম এখন দিশেহারা। তিনি জানান, কারা কেন তাঁর অবুঝ সন্তানকে এভাবে হত্যা করেছে বা ফেলে রেখেছে সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ