ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতসহ তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে দাখিল করা তিন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম। তিনি জানান, এ উপনির্বাচনে কোনো প্রার্থীর হলফনামা বা কাগজপত্রে ত্রুটি না থাকায় সবার প্রার্থীতা গ্রহণ করা হয়েছে।
এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন:
মো. রেজাউল করিম বাদশা: সভাপতি, বগুড়া জেলা বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি)।
মো. আবিদুর রহমান সোহেল: আমির, বগুড়া শহর জামায়াত (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
আল আমিন তালুকদার: বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
এর আগে গত ২ মার্চ ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে কোনো প্রার্থী অসন্তুষ্ট হলে আগামী ১০ মার্চ পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে নিজের জন্মভূমি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।
শূন্য ঘোষিত এই আসনে আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি ও জামায়াতের মতো বড় দুই দলের প্রার্থী থাকায় এই উপনির্বাচনকে কেন্দ্র করে বগুড়ায় উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ