শ্যামনগরে রাস্তা সংস্কারের দাবিতে ধান রোপণ করে প্রতিবাদ
মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের প্রধান রাস্তাটি দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ায় রাস্তায় ধান রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে স্থানীয় যুবক ও এলাকাবাসী।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় পূর্ব কৈখালীর 'মরহুম আলহাজ আদম গাজীর কেয়ারের রাস্তা' নামে পরিচিত কাঁদাযুক্ত সড়কে এই ধান রোপণ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় বাসিন্দা এবাদুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘ বছর ধরে রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা মৌসুমে রাস্তায় হাঁটু সমান কাঁদা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ পথচারী সহ যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি মুমূর্ষু রোগীদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না; বাধ্য হয়ে ট্রলারে নদীপথে রোগী পরিবহন করতে হয়। বারবার জনপ্রতিনিধিদের জানিয়েও সমাধান না পাওয়ায় তাঁরা এ প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, সড়কটি দ্রুত কার্পেটিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।
কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, "রাস্তাটি বিজিবি সড়ক হিসেবে অনুমোদিত হলেও একটি পক্ষ তা অন্যত্রে নেওয়ার চেষ্টা করে। বর্তমানে এটি 'সীমান্ত সড়ক' হিসেবে কার্পেটিংয়ের জন্য অনুমোদন পেয়েছে এবং খুব শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে।"
এআইএল/সকালবেলা
|