রাজশাহীতে হেরোইনসহ নারী কারবারি গ্রেফতার

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ণ
রাজশাহীতে হেরোইনসহ নারী কারবারি গ্রেফতার

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এক বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মোছা. সাহেরা বেগম (৫৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শেখেরচক পাচানী মাঠ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাহেরা বেগম বোয়ালিয়া থানার শেখেরচক পাচানী মাঠ এলাকার মোবারক ফকিরের স্ত্রী।

আরএমপি সূত্র জানায়, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির নিজস্ব সোর্সের মাধ্যমে গোপন তথ্য পান যে— মহানগরীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক পাচানী মাঠ সংলগ্ন এলাকায় কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনার তাৎক্ষণিকভাবে একটি বিশেষ টিমকে দ্রুত অভিযান পরিচালনার নির্দেশ দেন।

কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আরএমপির একটি চৌকস দল শেখেরচক পাচানী মাঠ এলাকায় আকস্মিক অভিযান চালায়। অভিযানে সাহেরা বেগমকে হাতেনাতে আটক করা সম্ভব হলেও ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে আটক নারী কারবারির দেহ তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ২৫ পুরিয়া হেরোইন, ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সাহেরা বেগম ও পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সাথে সিন্ডিকেটের পলাতক বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশি চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজশাহী মহানগরীকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত ও সাধারণ নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের বিশেষ মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন