ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে তিন ঘণ্টাব্যাপী এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার গোয়ালনগর গ্রামে আধিপত্য বিস্তার ও প্রতিশোধের নেশায় লিপ্ত দুটি পক্ষের এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক ও উন্নত চিকিৎসা গ্রহণ করেছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। ওইদিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপি সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। এই ঘটনার জন্য জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়া গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করতে থাকেন এবং প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। জেল থেকে মুক্তির পর গত এক সপ্তাহ আগে জিয়াউর রহমান ও তার লোকজন শিশু মিয়াকে মোটরসাইকেলসহ আটক করে মারধর করেন এবং তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেন। এই ঘটনাকে কেন্দ্র করে রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরেই চরম উত্তেজনা বিরাজ করছিল।
মঙ্গলবার সকালে রহিম তালুকদারের লোকজন পুনরায় কাসেম গোষ্ঠীর ঘরবাড়িতে হামলা চালানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিকেলে উভয় পক্ষের লোকজন মাইকে ঘোষণা দিয়ে টেঁটা, বল্লম, দা-সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সম্মুখ সমরে লিপ্ত হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। পুনরায় সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। তিনি আরও জানান, এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এস.জে/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ