ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মামুনুর রশীদ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় জড়িত আটজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) দিনব্যাপী অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দিদারুল ইসলাম মেহেরাজ, আব্দুর রহমান আকাশ, সাজ্জাদ হোসেন রিফাত, আয়ান হোসেন মিলন, আরিফ হোসেন, হৃদয় হোসেন, মো. সাকিব ও মেহেরাজ হোসেন ইমন। তাঁরা উপজেলার দেওপাড়া, লতিফপুর, পশ্চিম লতিফপুর ও পাঁচপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার (২৩ মার্চ) বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেওপাড়া গ্রামের পক্ষে রাকিব পাটওয়ারী ও শেখপুর গ্রামের পক্ষে মিতুল নামে এক ব্যক্তি নেতৃত্ব দেন। রাকিব পাটওয়ারী একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে জানা গেছে।
গোলাগুলির সময় আব্দুর রহিম (৫০) নামে এক পথচারী বাম পায়ে গুলিবিদ্ধ হন। এছাড়া মানিক নামে এক যুবককে চেইন দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত আব্দুর রহিম বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হয়ে ফিরে আসার পর মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানিয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গুলিবিদ্ধ আব্দুর রহিম বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তিনি ফিরে আসলে নিয়মিত মামলা রুজু করা হবে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ