গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ
গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি গ্রেপ্তার

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): গাজীপুর আদালত পুলিশের নিয়ন্ত্রণাধীন গারদখানার রিসিভ ডেস্ক থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি মো. সম্রাট মণ্ডলকে (২৮) ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার করেছে র‍্যাব।

গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ভোরে ময়মনসিংহের কোতোয়ালী থানার কাশর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযানে র‍্যাব-১ (গাজীপুর) ও র‍্যাব-১৪ (ময়মনসিংহ)-এর সমন্বিত দল অংশ নেয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২০ জুলাই) দুপুরে গাজীপুর আদালত পুলিশের গারদখানার রিসিভ ডেস্কে রাখা হলে সুযোগ বুঝে সম্রাট কৌশলে হ্যান্ডকাফ থেকে হাত বের করে সটকে পড়েন। প্রকাশ্য দিবালোকে আদালত চত্বর থেকে আসামি পালানোর এ ঘটনায় গাজীপুর সদর থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার পরপরই র‍্যাবের গোয়েন্দা দল আসামির সম্ভাব্য অবস্থান শনাক্তে অভিযানে নামে এবং দ্রুততম সময়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তাকে পুনরায় গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ জুলাই রাতে গাজীপুরের গাছা থানার খুনিয়া মধ্যপাড়া এলাকা থেকে সম্রাটসহ চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তাঁদের মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়াকালে সম্রাট রিসিভ ডেস্ক থেকে চম্পট দেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন