রূপসায় বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে পাঁচ গ্রামের মানুষ
বিশেষ প্রতিনিধি: বর্ষা মৌসুম শুরু হতেই নদীভাঙন আতঙ্কে রাতে ঘুম হারাম হচ্ছে রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচটি গ্রামের বাসিন্দাদের। অব্যাহত ফাটল ও ভাঙনের মুখে পড়েছে প্রায় ১২০০ বিঘা আমন ধানের আবাদি জমি ও অসংখ্য মৎস্য ঘের।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাঁধ সংস্কারের কিছুটা তোড়জোড় দেখা গেলেও দীর্ঘস্থায়ী সমাধান মেলেনি কখনো। সম্প্রতি টানা বর্ষণ ও রূপসা নদীর প্রবল জোয়ারের চাপে স্থানীয় বেড়িবাঁধে নতুন করে ফাটল দেখা দেওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কয়েকশো কৃষক ও সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, গত দুই বছরে এই বেড়িবাঁধ সংস্কারে তিন লাখ টাকা ও ৬ টন গম বরাদ্দ দেওয়া হলেও দুর্নীতির কারণে সেই অর্থের সঠিক ব্যবহার হয়নি, ফলে টেকসই কোনো সুফল মেলেনি।
স্থানীয় কৃষক আলকাজ শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রতিবছরই নামে মাত্র কিছু কাজ হয়। বরাদ্দের বড় একটা অংশ অসাধু কর্মকর্তাদের পকেটে চলে যায়। যা বাঁচে তা দিয়ে কোনোমতে জোড়াতালি দেওয়া হয়। আমরা সরকারের কাছে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানাচ্ছি।"
কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এই এলাকাটি সবজি ও আমন ধানের জন্য অত্যন্ত সমৃদ্ধ। গত মৌসুমেও এখানকার প্রায় ১২০০ বিঘা জমিতে আমন চাষ হয়েছিল এবং কৃষকরা বিঘা প্রতি গড়ে ১৮ মণ ধান পেয়েছিলেন। বাঁধ ভেঙে পানি ঢুকলে বিশাল এই কৃষিখাত ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
নৈহাটি ইউনিয়ন বিএনপির নেতা মহিউদ্দিন মিন্টু অভিযোগ করে বলেন, "নদীর অপর পাড়ের ইটভাটা মালিকরা অবৈধভাবে নদীতে বর্জ্য ও পিক ফেলে নদী সংকুচিত করছে। ফলে পানির তীব্র চাপ এসে পড়ছে এই পাড়ের বেড়িবাঁধে। এতে নিয়মিত ভাঙন তৈরি হচ্ছে। আমরা এই সমস্যার স্থায়ী প্রতিকার চাই।"
শ্রীরামপুর বিল পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন হিবু জানান, ভাঙনের খবর পেয়ে তিনি জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। গ্রামবাসীও নিজ উদ্যোগে বাঁধ রক্ষায় সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
বাঁধ সংস্কারের বিষয়ে জানতে চাইলে নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস হোসেন বলেন, "গত বছর স্থানীয় সাবেক সংসদ সদস্য আজিজুল বারী হেলালের সুপারিশে এলজিইডি থেকে ৩ লাখ টাকা এবং পিআইও অফিস থেকে ৬ টন চালের বরাদ্দে কিছু কাজ করা হয়েছিল। এ বছর আরও সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা রয়েছে।"
এ বিষয়ে রূপসা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. নাজমুল হুদা জানান, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। দ্রুতই এলাকা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
অন্যদিকে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিকতা জানান, খবর পেয়েই তিনি বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন।
এআইএল/সকালবেলা