ফরিদপুরে অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচনে ১৮ দফা দাবি

প্রকাশ: বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ণ
ফরিদপুরে অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচনে ১৮ দফা দাবি

এস এম সাহান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের (রেজি: ৩৪২৭) আসন্ন ত্রৈ-বার্ষিক নির্বাচনকে (২০২৫-২০২৯) ঘিরে বর্তমান কমিটির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ১৮ দফা দাবি উত্থাপন করেছেন সাধারণ শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (৪ জুন) উক্ত ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার ও সদস্য সচিব বরাবর সাধারণ শ্রমিকদের পক্ষে লিখিত অভিযোগপত্র জমা দেন সদস্য বাবুল হোসেন (বাবু শেখ)।

লিখিত অভিযোগপত্রে বলা হয়, বর্তমান নির্বাহী কমিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে সংগঠন পরিচালনা করছে। শ্রমিকদের দাবি, বর্তমান গঠনতন্ত্রটি বিগত আওয়ামী সরকারের আমলে প্রণীত হওয়ায় তা সংশোধন করে ইউনিয়নের সর্বস্তরে সংস্কার আনা প্রয়োজন।

অভিযোগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী জেলা শ্রমিক লীগের নেতা আব্দুল হাকিম মিয়া এবং কোষাধ্যক্ষ লিয়াকত আলী বাবুর বিরুদ্ধে সংগঠনে অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। একই সাথে তাঁদের আসন্ন নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জোর দাবি জানানো হয়েছে।

শ্রমিকদের আরও অভিযোগ, বর্তমান ভোটার তালিকায় বিপুল সংখ্যক ভুয়া ও পকেট ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। বিপরীতে, বিভিন্ন সময়ে সদস্যপদ হারানো প্রকৃত শ্রমিকদের তালিকাভুক্ত করার দাবি জানানো হয়। এছাড়া নতুন গাড়ি ভর্তির ক্ষেত্রে কমিশন বাণিজ্য, ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাৎ ও অতিরিক্ত চাঁদা আদায়ের মতো আর্থিক অনিয়মের সুষ্ঠু তদন্তসহ শ্রম অধিদপ্তরের মাধ্যমে ইউনিয়নের আর্থিক কার্যক্রমের পূর্ণাঙ্গ অডিটের দাবি জানিয়েছেন শ্রমিকরা।

শ্রমিকদের উত্থাপিত ১৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— খসড়া ভোটার তালিকা পুঙ্খানুপুঙ্খ সংশোধন করা। নতুন সদস্য ভর্তি ও কার্ড নবায়নের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের অধীনে আনা। কার্ড নবায়ন ফি ও মাসিক চাঁদা কমানো এবং নির্বাচনী জামানত হ্রাস করা। নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ইউনিয়নের সব ধরনের আর্থিক লেনদেন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেওয়া। নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব বন্ধ করাসহ সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা। গত ৮ মে অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত আংশিকভাবে রেজুলেশনে অন্তর্ভুক্ত করার কারণে ওই রেজুলেশন সংশোধন করা।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব খায়রুল বাসার সবুজ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “শ্রমিকদের পক্ষ থেকে আজ একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা নির্বাচন কমিটির মিটিংয়ে বসে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

অন্যদিকে, অভিযোগকারী নির্যাতিত শ্রমিক নেতা ও সেক্রেটারি পদপ্রার্থী মো: বাবু শেখ বলেন, “আমরা আশা করি, নির্বাচন কমিশন আমাদের উত্থাপিত অভিযোগ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবেন।”

এআইএল/সকালবেলা