ঈদের ৬ দিন পরও অতিরিক্ত ভাড়া: মাধবপুরে যাত্রীদের চরম ভোগান্তি

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ
ঈদের ৬ দিন পরও অতিরিক্ত ভাড়া: মাধবপুরে যাত্রীদের চরম ভোগান্তি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজার থেকে রতনপুর সড়কে যাত্রীদের ওপর নেমে এসেছে ভাড়ার বাড়তি চাপ। ঈদের ছয় দিন পার হয়ে গেলেও সিএনজি অটোরিকশা চালকরা এখনো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতিয়াইন বাজার থেকে রতনপুর পর্যন্ত সিএনজির নির্ধারিত ভাড়া দীর্ঘদিন ধরে ১৫ টাকা ছিল। কিন্তু ঈদকে কেন্দ্র করে চালকরা কৌশলে ভাড়া ৫ টাকা বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করেন। ঈদের প্রধান উৎসব শেষ হওয়ার ছয় দিন পরও সেই অতিরিক্ত ভাড়া বহাল থাকায় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।


প্রতিদিন এই রুটে শত শত শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। বাড়তি ভাড়ার কারণে তাদের প্রতিদিন অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে এক সিএনজি চালকের কাছে জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, “এটি ঈদ ভাড়া হিসেবেই বাড়তি নেওয়া হচ্ছে।”

ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিক কারণ না থাকায় যাত্রীসাধারণের প্রশ্ন, “ঈদের ছুটি শেষ হওয়ার পরও কেন এই অতিরিক্ত ভাড়া চলবে?” স্থানীয়দের অভিযোগ, চালকদের এই স্বেচ্ছাচারিতার কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

উপজেলা প্রশাসনের কাছে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুতই ঘটনাস্থলে লোক পাঠানো হবে এবং নির্ধারিত ভাড়া কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী ও নিয়মিত যাত্রীরা জনদুর্ভোগ কমাতে এবং নির্ধারিত ভাড়ায় গণপরিবহন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।