দিনাজপুরে হঠাৎ কুয়াশা উত্তরের দরজায় কড়া নাড়ছে শীত

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ণ
দিনাজপুরে হঠাৎ কুয়াশা উত্তরের দরজায় কড়া নাড়ছে শীত

অনলাইন ডেস্ক: হিমালয়ের পাদদেশের সীমান্তঘেঁষা উত্তরের জেলা দিনাজপুরে কার্তিকের শুরুতেই হঠাৎ কুয়াশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ভোরের আলো ফুটতেই হালকা কুয়াশার চাদরে ঢেকে যায় ফাঁকা মাঠ, ধানের ক্ষেত ও মহাসড়ক। প্রকৃতির এই পরিবর্তন জানান দিচ্ছে—উত্তরের দরজায় কড়া নাড়ছে পৌষ-মাঘের শীত।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) ভোর পৌনে ৫টার দিকে শহরের খোদমাধবপুরসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটির আলো কুয়াশায় ঝাপসা হয়ে আসে। ফজরের নামাজ শেষে বের হওয়া মুসল্লিরা শীতের মৃদু পরশ অনুভব করেন। ভোর গড়িয়ে সকাল বাড়লেও দীর্ঘক্ষণ দৃশ্যমানতা কমে যাওয়ায় দূরপাল্লার গণপরিবহন ও স্থানীয় যানবাহনগুলোকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত কয়েক দিন ধরে রোদ থাকলেও তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল বুধবারও একই ছিল। তবে সকাল ৮টা থেকে ৯টার মধ্যেই রোদ ওঠার সাথে সাথে কুয়াশা কেটে যায়।

হঠাৎ এই কুয়াশাকে আগাম জাতের আলু, শিম, সরিষাসহ বিভিন্ন রবিশস্যের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় কৃষকেরা। বিরল উপজেলার কৃষক মতিউর রহমান ও শশরা ইউনিয়নের মোকলেছুর রহমান জানান, এই কুয়াশা শীতের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিচ্ছে এবং সবজির ফলনে সাহায্য করবে। তবে কুয়াশার মাত্রা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেলে আগাম আলুর লেট ব্লাইট (পচন রোগ) জাতীয় ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেছেন সদর উপজেলার কৃষকেরা।

সকালবেলা / নুসরাত