ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রেজাউল করিম মজুমদার, গাজীপুর: পুলিশের কোনো সদস্য মাদকের সাথে সম্পৃক্ত থাকলে তাকে বাহিনীতে রাখা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।
শনিবার (১৪ মার্চ ) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজিত জেলা পুলিশ লাইন্স মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইজিপি বলেন:
“শুধু যানজটের কারণে রাজধানীতে প্রতিদিন ১৪০ কোটি টাকার ক্ষতি হয়। সেই হিসাবে বছরে সরকারের ক্ষতি হয় প্রায় ৫০ হাজার কোটি টাকা। গাজীপুর ও চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। এই পথগুলো সচল রাখতে না পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কোনো কিছুই টেকসই হবে না।”
শ্রমিক অসন্তোষ নিয়ে পুলিশ প্রধান বলেন, সামান্য কিছু হলেই শ্রমিকদের একটি অংশ রাস্তা অবরোধ করে। এতে অর্থনৈতিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হয়। তিনি দাবি করেন, ৯৯ শতাংশ শ্রমিক নিরীহ হলেও মাত্র ১ শতাংশ লোক দেশি-বিদেশি এজেন্ডা বাস্তবায়নে তৎপর থাকে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
সংসদ সদস্যের কঠোর অবস্থান: সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, বর্তমান সরকার মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। তিনি পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে বলেন:
“অপরাধের সাথে যদি আমার দলের কোনো নেতাকর্মীও জড়িত থাকে, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। এ কাজে আমি পূর্ণ সহযোগিতা করব।”
উপস্থিত ব্যক্তিবর্গ: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার-এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
খন্দকার রফিকুল ইসলাম (অতিরিক্ত আইজিপি)।
রেজাউল করিম মল্লিক (ডিআইজি, ঢাকা রেঞ্জ)।
আহম্মেদ হোসেন ভূঁইয়া (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, গাজীপুর)।
মোঃ শরিফ উদ্দীন (জেলা পুলিশ সুপার)।
মোঃ তাহেরুল হক চৌহান (অতিরিক্ত পুলিশ কমিশনার)।
এছাড়াও মহানগর বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, আহমেদ আলী রুশদি, মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দীন এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক অধ্যাপক বশির আহমেদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ