জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

মো. ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। 

শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত মো. আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদ স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে তাঁর বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হচ্ছিল, যা পরবর্তীতে বেশি দামে কালোবাজারে বিক্রি করা হতো। শনিবার সকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে সামাদের বাড়িতে যান এবং একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে রাখেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবদুস সামাদ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ওএমএস ডিলার। একটি নূরানী মাদরাসায় সরকারি বরাদ্দের চাল তিনি নিয়মতান্ত্রিকভাবে কিনে এনেছেন। পরে সাময়িকভাবে সেগুলো বাড়িতে রাখা হয়েছিল, এখানে কোনো অনিয়ম হয়নি।”

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, “স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছি। এই চাল কেনার পেছনে কোনো বৈধ কাগজপত্র বা সরকারি অনুমতি আছে কি না, তা গভীরভাবে যাচাই করা হচ্ছে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা কালোবাজারির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ.আই.এল/সকালবেলা