মাদারীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ রহমান বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সকাল ৭টা ৪৫ মিনিটে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহমান বেপারী কালকিনি উপজেলার দক্ষিণ চর দৌলতখান এলাকার সামসুদ্দিন বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে পুলিশের একটি দল ক্ষুদ্রচর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা