কসবায় ইয়াবাসহ আসামি খোকন গ্রেপ্তার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩০০ পিস ইয়াবাসহ মো. খোকন মিয়া (৩৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কসবা থানা-পুলিশ।
গতকাল রবিবার (২৮ জুন) বিকেলে কসবা পৌরসভা এলাকার টিআলী মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কসবা থানা-পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌরসভার টিআলী মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির সময় হাতেনাতে খোকন মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয়— মো. খোকন মিয়া, পিতা: মৃত সুলতান আহমেদ, গ্রাম: শিমরাইল, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
কসবা থানা-পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত খোকন মিয়া একজন পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় ৫টি মাদকসহ অন্যান্য অপরাধের মামলা রয়েছে।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খোকন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে। আজ সোমবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|