মোহনপুরে ইয়াবা ও জাল টাকাসহ গ্রেপ্তার ১

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ
মোহনপুরে ইয়াবা ও জাল টাকাসহ গ্রেপ্তার ১

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে র‍্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ মো. নায়েব আলী (৪৩) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মো. শহীদুল্লাহ রাজু (৫৫) নামের অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়।

গতকাল রবিবার (২৮ জুন) সাড়ে ৭টায় মোহনপুর থানাধীন হরিদাগাছি এলাকার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসির গোয়েন্দা দল জানতে পারে যে কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় এক বা একাধিক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দলটি ওই মার্কেটের দ্বিতীয় তলায় জনৈক মো. শহীদুল্লাহর 'লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেড' এর অফিস কক্ষে আকস্মিক অভিযান চালায়। সেখান থেকে নায়েব আলীকে গ্রেপ্তার করা হলেও মূল অফিস মালিক শহীদুল্লাহ পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে নায়েব আলীর হেফাজত থেকে ৩৮৭ পিস ইয়াবা এবং ৯৩ হাজার টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি এলাকার একজন চিহ্নিত মাদক ও জাল নোট কারবারি। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে নিষিদ্ধ ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।

পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে র‍্যাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ধৃত মাদক কারবারির বিরুদ্ধে মোহনপুর থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন