রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাসেল মিয়া, রাজবাড়ী: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ মাদকদ্রব্য বিরোধী অভিযানে ৪০ (চল্লিশ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (৩ জুন) বিকেল ৩টায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই শিমুল শেখ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর এলাকার রাজবাড়ী বাজার প্রধান সড়ক সংলগ্ন ‘করিম সু-হাউজ’-এর ২য় তলার ওপরে একটি বিশেষ অভিযান চালান। এ সময় সেখান থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ী আসামী দুলাল সিকদার ওরফে সাদ্দাম (৩৬)কে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত পেশাদার মাদক ব্যবসায়ী দুলাল সিকদার সাদ্দাম রাজবাড়ী পৌর শহরের লক্ষীকোল এলাকার আফাজউদ্দিন সিকদারের ছেলে।
এ বিষয়ে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দুলাল সিকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা