বাবা-মাকে নির্যাতন, ছেলে বিকাশ চন্দ্রের কারাদণ্ড

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ
বাবা-মাকে নির্যাতন, ছেলে বিকাশ চন্দ্রের কারাদণ্ড

সাঈদ পান্থ, বরিশাল: মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে জন্মদাতা বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত বিকাশ চন্দ্র বালা ওই গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানিয়েছেন, বিকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে মাদকের টাকা জোগাড় করতে না পারলেই বসতঘর ভাঙচুরসহ নিজের মা-বাবাকে মারধর করত। তাকে সুস্থ করার জন্য পরিবার থেকে ছয় মাস রিহ্যাব সেন্টারেও রাখা হয়েছিল। কিন্তু সেখান থেকে বের হয়ে এলাকার কতিপয় মাদকসেবীর প্ররোচনায় সে আবারও মাদকাসক্ত হয়ে পড়ে।

এর আগে বিকাশের মা-বাবা নিজেদের শেষ সম্বল জমি বিক্রি করে ছেলেকে ভালো পথে ফেরাতে বিদেশ পাঠিয়েছিলেন। কিন্তু সেখানেও মাদকাসক্ত বন্ধুদের প্ররোচনায় পড়ে বিকাশ কিছুদিন পর দেশে চলে আসে।

উপ-পরিদর্শক জানান, মঙ্গলবার সকালে বিকাশ মাদক সেবন করছে এমন গোপন তথ্য পায় পুলিশ। পরে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে বিকাশ বালাকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান আটককৃত বিকাশকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন