ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ণ
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

আহমেদ লিওন, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারেরই রয়েছেন চারজন। 

আজ রবিবার (২৪ মে) বিকেলে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এই রক্তক্ষয়ী দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি দ্রুতগতির বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী ও চালকসহ ঘটনাস্থলেই পাঁচজনের নির্মম মৃত্যু হয়। এ সময় বাসের ও অ্যাম্বুলেন্সের আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ভাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং নগরকান্দা থানা পুলিশের পৃথক টিম। তাঁরা স্থানীয় সাধারণ মানুষের সহায়তায় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন। একই সাথে আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানায়, নিহতদের বাড়ি ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে তারা একই পরিবারের সদস্য এবং কোনো রোগীকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হলেও পুলিশ দ্রুত দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং আইনগত প্রক্রিয়া চালু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে একই পরিবারের চারজনসহ পাঁচজনের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এআইএল/সকালবেলা