সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের খাবার ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. আমির হোসেন (২৫) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে জমে থাকা গ্যাস থেকে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হওয়া মো. আমির হোসেনের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। এর আগে, গত বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যার দিকে শংকর (২৬) নামে আরেক দগ্ধ শ্রমিকের মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউট সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, এই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া আরও ৬ জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বর্তমানে আরও ৪ জন দগ্ধ শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শরীরেরও বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ভেতরে এই গ্যাস লিকেজের পেছনে কোনো ধরনের অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতদের লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।
এ.আই.এল/সকালবেলা