পীরগঞ্জে মফিজার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জে আলোচিত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি এবং নৈশপ্রহরী মফিজার রহমান হত্যা মামলার জট খুলেছে জেলা পুলিশ। এই লোমহর্ষক ঘটনার মূল রহস্য উদ্ঘাটনসহ আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের মূল হোতাসহ সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড এবং ট্রান্সফরমার চুরির সঙে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আজ রবিবার (২৪ মে) দুপুর আড়াইটায় রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান রংপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোজাম্মেল হক।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, তাঁর সরাসরি দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম অ্যান্ড অপস) সার্বিক সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গত ২৩ ও ২৪ মে টানা চিরুনি অভিযান চালায়। রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়ে এই চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাইবান্ধার পলাশবাড়ীর মো. জামিরুল ইসলাম (৩২), জয়পুরহাটের কালাইয়ের মো. আব্দুল জলিল (৩৮), গাইবান্ধার গোবিন্দগঞ্জের মো. সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪), বগুড়ার মোকামতলার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল, পলাশবাড়ীর মো. নূরুল আমিন (৬৮), সাদুল্লাপুরের মো. আনিছুর রহমান (৪০) এবং পলাশবাড়ীর মো. আমিরুল ইসলাম সরদার (৫৫)।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে চুরির মিশনে ব্যবহৃত একটি নোয়াহ মাইক্রোবাস, একটি সিএনজি চালিত অটোরিকশা, বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি এবং তিনটি ট্রান্সফরমারের ভেতর থেকে কেটে নেওয়া বিপুল পরিমাণ চোরাই তামার কয়েল উদ্ধার করা হয়েছে।
এসপি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “নৈশপ্রহরী মফিজার রহমান (৪৬) হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত রহস্যজনক ও ক্লু-লেস। জেলা পুলিশ দীর্ঘ নিখুঁত তদন্ত, উন্নত তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে এই অপরাধী চক্রটিকে শনাক্ত ও ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পেরেছে।” গ্রেপ্তারকৃত আসামিদের সুনির্দিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত কার্যক্রম পুরোপুরি শেষ করে দ্রুতই আদালতে পুলিশ প্রতিবেদন (চার্জশিট) দাখিল করা হবে বলেও জানান তিনি।
এআইএল/সকালবেলা