শ্রীপুরে টাওয়ারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: ব্যবসায়ীদের সড়ক অবরোধ
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তার ‘ইয়াকুব আলী মাস্টার টাওয়ার’-এ মালিকানা সংক্রান্ত তীব্র দ্বন্দ্বের জেরে টানা ৯ দিন ধরে বিদ্যুৎ ও জেনারেটর সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর প্রতিবাদে এবং বিদ্যুৎ সংযোগ সচলের দাবিতে আজ সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, ইয়াকুব আলী মাস্টার টাওয়ারটি চার ভাইয়ের যৌথ মালিকানায় পরিচালিত হয়ে আসছে। তবে পৈতৃক সম্পত্তি ও মার্কেটের লভ্যাংশ বণ্টন নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই জটিলতা চরম আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় গত ৯ দিন আগে পুরো মার্কেটের মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, সামনে ঈদকে কেন্দ্র করে ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চললেও তাঁদের সম্পূর্ণ অন্ধকারে দোকান পরিচালনা করতে হচ্ছে। প্রচণ্ড গরমে ক্রেতা কমে যাওয়ার পাশাপাশি লাখ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।
বিক্ষোভকারী একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঈদের ঠিক আগে যখন কেনাকাটার ধুম লাগার কথা, তখন দোকান বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল কিছু সময়ের জন্য নিজস্ব জেনারেটর চালু করা হলেও আজ সকাল থেকে মালিকপক্ষ সেটিও বন্ধ করে দিয়েছে। পুরো মার্কেট যেন ভূতুড়ে অন্ধকারে রূপ নিয়েছে। এমন দমবন্ধ ও অন্ধকার পরিবেশে ক্রেতারা দোকানে ঢুকতে চাইছেন না।”
মার্কেটে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা জানান, “মার্কেটের ভেতরে বিদ্যুৎ ও জেনারেটর কোনোটিই সচল নেই। তীব্র গরমে ভেতরে অবস্থান করা অসম্ভব হয়ে পড়েছে। আমরা এসেও পোশাক না কিনে ফিরে যাচ্ছি। ব্যবসায়ী ও মালিকদের এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের খেসারত সাধারণ মানুষকে দিতে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।”
আজ দুপুরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা হঠাৎ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য ওই রুটে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন এবং মালিকপক্ষের সাথে কথা বলে বিদ্যুৎ সচলের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ.আই.এল/সকালবেলা