অসহায় হাজং দম্পতির পাশে ডেপুটি স্পিকার, দিলেন নতুন ঘর

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ণ
অসহায় হাজং দম্পতির পাশে ডেপুটি স্পিকার, দিলেন নতুন ঘর

নূর আলম, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের শ্যামনগর গ্রামের জরাজীর্ণ ঘরে বসবাসকারী আশি ছুঁইছুঁই আদিবাসী দম্পতি কিরণ হাজং ও পিকুলা হাজংয়ের মাথা গোঁজার স্থায়ী ঠাঁই হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ব্যক্তিগত অর্থায়নে তাঁদের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) অসহায় পিকুলা হাজং ও তাঁর স্বামী কিরণ হাজং নিজেরাই নতুন এই ঘরের উদ্বোধন করেন।

নতুন ঘর পেয়ে আনন্দে আবেগাপ্লুত পিকুলা হাজং বলেন, “ঘর ভাঙা আছিল, পলিথিন দিয়া রাখতাম। ঘরের ভাঙা দিয়া পানি পড়ত। রাতে ঘুমাইতে পারতাম না। এখন ঘর পাইছি, আমরা শান্তিতে থাকবাম।” তাঁর স্বামী কিরণ হাজং ডেপুটি স্পিকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শেষ বয়সে একটি ভালো ঘরে থাকার স্বপ্ন তাঁদের পূরণ হয়েছে।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং আদিবাসী সম্প্রদায়ের লোকজন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন