গোপালগঞ্জে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ণ
গোপালগঞ্জে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গতকাল সোমবার (৮ জুন) সন্ধ্যার দিকে শহরের মান্দারতলা এলাকার ইসলামাবাদে এক ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বাগেরহাটের মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে মানিক মিয়া এবং গোপালগঞ্জ শহরের মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে সজিব খান।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ এলাকায় চিহ্নিত মাদক সম্রাট হাফিজুর রহমান বাঁধনের বাসায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বাঁধনের সহযোগী মানিক ও সজিবকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে ৬৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মূল হোতা হাফিজুর রহমান বাঁধন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, গ্রেফতারকৃত মানিক ও সজিব দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসার সাথে জড়িত। তারা মূলত জেলাজুড়ে মাদকের নেটওয়ার্ক চালানো হাফিজুর রহমান বাঁধনের ঘনিষ্ঠ সহযোগী। বাঁধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও বিদেশি মদ কিনে তারা শহরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দমে বেশি মূল্যে বিক্রি করে আসছিল।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার মূল কারবারি ও পলাতক মাদক সম্রাট মো. হাফিজুর রহমান বাঁধনকে গ্রেফতারে ডিবির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এআইএল/সকালবেলা