আওয়ামী নেতা বাহারকে দেশে এনে বিচারের দাবি

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ণ
আওয়ামী নেতা বাহারকে দেশে এনে বিচারের দাবি

জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহারের বিতর্কিত মাদরাসাবিরোধী বক্তব্য এবং কুমিল্লার জনগণকে হুমকি দেওয়ার প্রতিবাদে তীব্র নিন্দা ও সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠন। একই সাথে পলাতক এই সাবেক সংসদ সদস্যকে আন্তর্জাতিক পুলিশি সহায়তায় দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আলেম নেতৃবৃন্দ এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর সেক্রেটারি মুফতি শামছুল ইসলাম জিলানী। তিনি বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি টকশোতে বাহাউদ্দিন বাহার দেশের ঐতিহ্যবাহী কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার মতো চরম উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। একই সাথে তিনি কুমিল্লার সাধারণ জনগণের প্রতি আপত্তিকর ও হুমকিমূলক মন্তব্য করেছেন। তাঁর এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে কুমিল্লাসহ সারা দেশের ধর্মপ্রাণ তৌহিদী জনতার মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মাদরাসাসমূহ শতাব্দীর পর শতাব্দী ধরে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক তৈরিতে অনবদ্য ভূমিকা পালন করে আসছে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এই শিক্ষাব্যবস্থা বন্ধের চক্রান্ত ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপের শামিল। দেশত্যাগের পরও তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত উলামায়ে কেরাম বাহারের বিগত দিনের স্বৈরাচারী রাজনৈতিক ভূমিকারও তীব্র সমালোচনা করেন। সংগঠনের নেতারা দাবি করেন, সংসদ সদস্য থাকাকালীন বাহারের প্রত্যক্ষ ইশারায় কুমিল্লায় আলেম-উলামাদের ওপর দমন-পীড়ন, বিরোধী মত দমনে ব্যাপক সন্ত্রাস ও লাগামহীন দুর্নীতি করা হয়েছে।

সংগঠনের সহ-সভাপতি ও মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুনীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল কুদ্দুস, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আনিসুর রহমান আশরাফী, হাফেজ আজীজুল হক, মাওলানা তৈয়ব, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবুল কাশেম এবং মুফতি আবু তাহেরসহ জেলার বিভিন্ন কওমী মাদরাসার মুহতামিম ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এআইএল/সকালবেলা