কক্সবাজার সৈকতে দোকান বসানোর সব কার্ড বাতিল
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে একের পর এক ঝুপড়ি দোকান স্থাপন এবং একে বস্তিতে রূপ নেওয়া ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। সৈকতের বালিয়াড়িতে দোকান বসানোর জন্য এ পর্যন্ত ইস্যুকৃত সব সাময়িক কার্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন করে আর কোনো ধরনের অনুমতি প্রদান না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১ জুন (সোমবার) জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের সহকারী কমিশনার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, সৈকতের বিভিন্ন পয়েন্টে নতুন কোনো সাময়িক কার্ড ইস্যু করা হবে না। পাশাপাশি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ইস্যুকৃত ও নবায়নকৃত সব কার্ড ২০২৬-২৭ অর্থবছরে আর নবায়ন করা হবে না। কার্ডধারীরা নির্ধারিত শর্তাবলী যথাযথভাবে প্রতিপালন না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং পরিবেশ অধিদপ্তরের সুপারিশের আলোকে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর আগে গত মার্চ মাসে কক্সবাজার সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করার নির্দেশ দেন। ওই নির্দেশনার পর জেলা প্রশাসনের উদ্যোগে ১২ মার্চ থেকে শুরু হওয়া চার দিনের অভিযানে সহস্রাধিক অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছিল। তবে উচ্ছেদের তিন মাস না পেরোতেই আবারও সুগন্ধা, লাবণী ও কলাতলীসহ বিভিন্ন পয়েন্টে ঝুপড়ি দোকান বসিয়ে বালিয়াড়ি দখলের অভিযোগ উঠে।
সরেজমিনে দেখা গেছে, সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখের দুই পাশের বালিয়াড়িতে শত শত ঝুপড়ি দোকান বসানো হয়েছে, যা পর্যটকদের স্বাভাবিক চলাচলের পথ সংকুচিত করে ফেলেছে। নাম প্রকাশ না করার শর্তে এক বীচকর্মী জানান, ঈদের আগে দুই রাতের মধ্যেই স্থানীয় প্রভাবশালীদের উপস্থিতিতে অধিকাংশ দোকান পুনরায় বসানো হয়েছে। কয়েকজন দোকানির দাবি, নতুন করে দোকান বসাতে প্রতিটি দোকানের জন্য ৬০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়েছে।
পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, উচ্ছেদের অল্প সময়ের মধ্যেই সৈকত পুনরায় দখল হওয়া দুঃখজনক। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বালিয়াড়িকে আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আঃ মান্নান বলেন, পর্যটন ব্যবসায়ীদের পক্ষ থেকে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়েছে। জেলা প্রশাসন রিটের জবাব দাখিল করবে এবং আদালতের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ১৯৯৯ সালে সরকার কক্সবাজারের এই উপকূলীয় এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করায় সৈকতের জোয়ার-ভাটার সীমা থেকে ৩০০ মিটারের মধ্যে সব ধরনের স্থাপনা নির্মাণ আইনত নিষিদ্ধ।
এআইএল/সকালবেলা