নাটোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ
নাটোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের পেছনে পণ্যবাহী কাভার্ড ভ্যানের সজোরে ধাক্কায় আব্দুল মজিদ (৫৯) নামে প্রাণ এগ্রো লিমিটেডের এক কর্মচারী নিহত হয়েছেন। এই ঘটনায় কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকার মৃত একদেলের ছেলে। এছাড়া আহত কাভার্ড ভ্যানচালক শাহাদাত হোসেন (২৪) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে বন্দর আমতলা এলাকায় মহাসড়কের পাশে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়া থেকে নাটোর অভিমুখে আসা প্রাণ এগ্রো লিমিটেডের একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় কাভার্ড ভ্যানের সামনের কেবিনের অংশটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

এতে কাভার্ড ভ্যানের ভেতরে থাকা প্রাণ কোম্পানির কর্মচারী আব্দুল মজিদ ঘটনাস্থলেই পিষ্ট হয়ে প্রাণ হারান। এ সময় চালক শাহাদাত হোসেন কেবিনের ভেতরে আটকা পড়ে গুরুতর জখম হন।

খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কেবিন কেটে মুমূর্ষু চালককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায়। পরে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে মহাসড়কের ওপর এভাবে বিপজ্জনকভাবে ভারী যানবাহন দাঁড় করিয়ে রাখা এবং চালকদের অতিরিক্ত গতির কারণে প্রায়ই এমন প্রাণহানি ঘটছে উল্লেখ করে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন