তনু হত্যা মামলা: ২ সেনা সদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
তনু হত্যা মামলা: ২ সেনা সদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার বিচারকাজে গতি আনতে আরও দুই সাবেক সেনা সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই (ঢাকা জেলা)-এর পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

পিবিআই সূত্রে জানা গেছে, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে করা আবেদনের প্রেক্ষিতে গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (১ নম্বর আমলি আদালত)-এর বিচারক মুমিনুল হক এই নির্দেশ প্রদান করেন।

নতুন করে যাদের ডিএনএ নমুনা সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে তারা হলেন—কুমিল্লার রাজাপাড়া এলাকার এম এ হান্নানের ছেলে সাবেক সেনা সদস্য ফয়সাল আহমেদ রাব্বি এবং সিরাজগঞ্জের কাজীপুর থানার মেগাই গ্রামের সুলাইমান হোসেনের ছেলে সাবেক সেনা সদস্য জাহিদুল ইসলাম।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্বে সংগৃহীত ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে পিবিআই সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করে। তবে এরপরই মামলার অন্য দুই সন্দেহভাজন সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ ও শাহীন আলম দেশ ছেড়ে পালিয়ে যান। নতুন দুইজনের নাম যুক্ত হওয়ায় তনু হত্যা মামলায় এ পর্যন্ত মোট পাঁচজন সাবেক সেনা সদস্যের ডিএনএ পরীক্ষার আইনি সিদ্ধান্ত হলো।

বর্তমানে এ মামলায় গ্রেফতারকৃত একমাত্র আসামি হাফিজুর রহমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরবর্তীতে একই রাতে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন একটি ঝোপঝাড় থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

এআইএল/সকালবেলা