কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত, অলৌকিকভাবে বাঁচল সন্তান
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় রাকিব হাসান (৪২) ও বিথী আক্তার (২৭) নামে এক দম্পতি নিহত হয়েছেন। তবে মায়ের দূরদর্শিতায় অলৌকিকভাবে বেঁচে গেছে তাদের মাত্র ৯ মাস বয়সী শিশুকন্যা নূর। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই স্ত্রী বিথী আক্তার মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে স্বামী রাকিবের মৃত্যু হয়।
আজ শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার গিলারচালা গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দম্পতি পিরোজপুর জেলার সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান ও তাঁর স্ত্রী বিথী আক্তার। তাঁরা উভয়েই স্থানীয় ‘ডেনিম্যাক লিমিটেড’ নামের একটি কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
নিহত রাকিবের খালাতো বোন মরিয়ম বেগম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ঘাতক কাভার্ডভ্যানটি যখন তাঁদের চাপা দিচ্ছিল, তখন শিশুকন্যা নূর তার মায়ের কোলেই ছিল। মৃত্যুর ঠিক আগমুহূর্তে নিজের জীবনের তোয়াক্কা না করে সন্তানকে বাঁচাতে কোল থেকে তাকে দূরে ছুঁড়ে মারেন মা বিথী আক্তার। মায়ের সেই শেষ চেষ্টায় নূর ভাগ্যক্রমে বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক। তাকে শ্রীপুর থেকে দ্রুত ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।
কারখানার সহকর্মী শাহিনুর আলম বলেন, “দুপুরের বিরতিতে রাকিব হাসান তাঁর স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির বেপরোয়া কাভার্ডভ্যান তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই বিথী মারা যান। গুরুতর রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সায়নী মজুমদার বলেন, “রাকিব ও বিথী দম্পতিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে তাঁদের শিশুকন্যাকে জীবিত অবস্থায় পাই আমরা। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার্ড করা হয়েছে।”
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করে এবং হাসপাতালে নেওয়ার পর অপরজনকে মৃত ঘোষণা করা হয়। আহত শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক চালক কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও গাড়িটি জব্দ করতে পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।”
এআইএল/সকালবেলা
|