টানা বৃষ্টিতে শিবপুরের জনজীবন বিপর্যস্ত
সুরুজ মিয়া, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে গত চার দিন ধরে টানা ভারী বর্ষণে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। অসময়ের এই টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া, দিনমজুর ও শ্রমজীবী মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ, যার ফলে রাস্তাঘাট ও স্থানীয় বাজারগুলোতে লোকসমাগম অনেকটাই কমে গেছে।
সরেজমিনে শিবপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে সকাল থেকেই রাস্তাঘাটে যানবাহন চলাচল সীমিত। রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকেরা যাত্রী না পেয়ে অলস সময় পার করছেন। পৌর এলাকার প্রধান সড়কসহ কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সবচেয়ে বেশি সংকটে পড়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল দিনমজুর, রাজমিস্ত্রি ও কৃষি শ্রমিকেরা। বৃষ্টির কারণে বাইরে কোনো কাজ না থাকায় অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে।
শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় রিকশাচালক মো. রহমত মিয়ার (৪৫) সাথে। ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন, “টানা বৃষ্টির কারণে রাস্তায় মানুষজন খুবই কম। আগে যেখানে দিনে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হতো, এখন ২০০ টাকা তুলতেই কষ্ট হচ্ছে। কিস্তি আর চালের দামের যে অবস্থা, এভাবে আরও দুই-একদিন বৃষ্টি চললে পরিবার নিয়ে না খেয়ে থাকা লাগব।”
শ্রমজীবী মানুষের পাশাপাশি চরম বিপাকে পড়েছেন স্থানীয় কাঁচাবাজারের ব্যবসায়ীরাও। ক্রেতা সংকটের কারণে অনেক ব্যবসায়ী সময়মতো দোকান খুলতে পারছেন না, আবার কেউ কেউ ভিজেই দোকান নিয়ে বসে আছেন।
শিবপুরের পুটিয়া বাজারের সবজি বিক্রেতা আল-আমিন বলেন, “বৃষ্টির লাইগা বাজারে ক্রেতা নাই। সবজি আনছি কিন্তু কাস্টমার না থাকায় পইচ্যা যাওয়ার উপক্রম হইছে। লাভ তো দূরের কথা, চালানের টাকাই উঠব না মনে হচ্ছে।”
এদিকে আবহাওয়া পরিস্থিতি এবং নিচু এলাকার ফসলি জমির বিষয়ে খোঁজ নিচ্ছেন স্থানীয় সচেতন মহল। টানা বৃষ্টির কারণে মাঠে থাকা শাকসবজি ও ফসলের কোনো ক্ষতি হচ্ছে কি না, তা নিয়ে কৃষকদের মধ্যেও এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। সাধারণ মানুষের দাবি, পরিস্থিতি বিবেচনা করে নিচু এলাকার জলাবদ্ধতা নিরসনে এবং কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
এআইএল/সকালবেলা