যমুনা সেতুর পশ্চিমে স্বস্তির ঈদযাত্রা

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ
যমুনা সেতুর পশ্চিমে স্বস্তির ঈদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। ইতোমধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অফিস-আদালত, কলকারখানা ও গার্মেন্টস প্রতিষ্ঠান ছুটি হওয়ায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে মহাসড়কে। এতে ঢাকা-পাবনা-বগুড়া-রাজশাহী মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও যমুনা সেতুর পশ্চিমপাড় ও উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত হাটিকুমরুল এলাকায় এবার কোনো যানজট দেখা যায়নি।

প্রতিবছর ঈদকে কেন্দ্র করে এই মহাসড়কে দীর্ঘ যানজট ও যাত্রীদের চরম ভোগান্তি দেখা দিলেও এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদ উপলক্ষে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা-বগুড়া ফ্লাইওভার লেন পুরোপুরি চালু করে দেওয়ায় যান চলাচলে গতি ফিরেছে এবং বদলে গেছে পুরো রুটের দৃশ্যপট।

মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর সরেজমিনে হাটিকুমরুল থেকে যমুনা সেতুর পশ্চিম পাড় পর্যন্ত মহাসড়ক ঘুরে দেখা যায়, ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক ও মাইক্রোবাসের সংখ্যা কয়েক গুণ বাড়লেও কোথাও থেমে নেই যান চলাচল। কোনো ধরনের দুর্ভোগ ও যানজট ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে ঈদুল আজহা উপলক্ষে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা-বগুড়া ফ্লাইওভার লেন খুলে দেওয়া হয়েছে। এর ফলে যমুনা সেতুর পশ্চিম পাড়ে যানবাহনের চাপ থাকলেও কোথাও কোনো জটলা তৈরি হচ্ছে না। মহাসড়কে যান চলাচল সার্বক্ষণিক স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।