বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষে কলেজছাত্র নিহত
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় বিয়ের আনন্দ আয়োজনকে কেন্দ্র করে সাউন্ড বক্স বাজানো ও ছবি তোলা নিয়ে সৃষ্ট বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে পরিণত হয়েছে। এতে ফয়সাল আহমেদ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত তিন জন।
গতকাল সোমবার রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাবনিকোনা সংসদ বাজার মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল আহমেদ ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনার আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাবনিকোনা সংসদ বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। দিবাগত রাত পৌনে ১২টার দিকে সাউন্ড বক্স বাজানো ও ছবি তোলা নিয়ে ফয়সাল ও তাঁর বন্ধুদের সঙ্গে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম মিয়ার কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম মিয়া তাঁর পরিবারের লোকজন এবং লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ফয়সালসহ অন্যদের ওপর হামলা চালান। এতে ফয়সাল, তাঁর চাচাতো ভাই রবিন মিয়া, চাচা সাদেকুল ইসলাম ও চাচাতো ভাই উজ্জ্বল মিয়ার ছেলে সৌরভ মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ফয়সাল ও সাদেকুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সাল আহমেদ মারা যান। নিহতের চাচা সাদেকুল ইসলাম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ের অনুষ্ঠানের বিরোধের জেরে সংঘর্ষে এক কলেজছাত্র নিহত ও কয়েকজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
এআইএল/সকালবেলা