বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ণ
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আদালত চত্বরে অবস্থিত জুডিশিয়াল ভবনের সামনে এই বিস্ফো ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ককটেল বিস্ফোরণের পর মুহূর্তেই আদালত চত্বরে আগত বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়, বরিশাল আদালত চত্বরে প্রবেশের প্রধান ফটকসংলগ্ন জুডিশিয়াল ভবনের সামনে ককটেলটি বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং বরিশাল আদালতের বিচারকবৃন্দ ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন।

ঘটনার নিন্দা জানিয়ে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে কোনো অগণতান্ত্রিক শক্তি এ নাশকতার পেছনে থাকতে পারে।

আইনজীবী অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন ও অ্যাডভোকেট একেএম মীর জাহিদুল কবির অভিযোগ করে বলেন, ফ্যাসিস্টের দোসররা শান্ত পরিবেশকে অশান্ত করতে এই হামলা চালিয়েছে। আগামী ১৬ আগস্ট বরিশালে আইনমন্ত্রীর প্রস্তাবিত সফরকে কেন্দ্র করে এই পাঁয়তারা চালানো হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, সিআইডি টিম ইতোমধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্ফোরণের কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

ঘটনার পর থেকে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন