শিশু ধর্ষণে অভিযুক্ত বিদেশ সরকারকে গণপিটুনি
সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ৬ বছরের এক কোমলমতি শিশুকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। এই ন্যক্কারজনক ঘটনার পর থেকেই অভিযুক্ত বিদেশ সরকার (৫৫) এলাকা ছেড়ে পলাতক রয়েছেন।
গত বুধবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে আশুলিয়া উপজেলার শিমুলিয়া ইউনিয়নের লালারটেক এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। আজ শনিবার (২০ জুন) সকালে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত বিদেশ সরকার লালারটেক এলাকার মৃত বাবু লাল সরকারের ছেলে। সে পেশায় একজন তামা-কাঁশার দোকান কর্মচারী। পাশাপাশি সে এলাকায় বাংলা মদ তৈরি ও বিক্রির সাথেও জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগ, গত বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে শিশুটি অন্য বাচ্চাদের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল। ওই সময় লম্পট বিদেশ সরকার কৌশলে তাকে ফুসলিয়ে স্থানীয় রনজিৎ সরকারের বাড়ির একটি নির্জন কক্ষে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে।
পরের দিন বৃহস্পতিবার দুপুরে শিশুর বাবা ঘটনাটি জানতে পেরে এলাকার মাতব্বরদের অবগত করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি আইনি প্রক্রিয়ায় না নিয়ে আজ শনিবার সালিশ-বৈঠকের মাধ্যমে আপস-মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।
এরই মধ্যে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এলাকার কিছু উত্তেজিত যুবক ওই ধর্ষককে ধরে পিটুনি দেয়। গণপিটুনির মুখে কৌশলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপন করে। খবর পেয়ে গভীর রাতেই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম ইমন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজু হওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে জোর অভিযান চালানো হবে।
এআইএল/সকালবেলা
|