শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ন্যাক্কারজনক ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দক্ষিণ লামুয়া জামে মসজিদের মক্তবে পড়তে এসেছিল শিশুটি। তখন কাজের কথা বলে অভিযুক্ত আনোয়ার হোসেন শিশুটিকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

শারীরিক অসুস্থতার কারণে শিশুটির পরিবারের সদস্যরা প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেছেন।

ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই বাবলুর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা অভিযুক্ত আনোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় উত্তেজিত স্থানীয় জনতা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পুলিশকে সহযোগিতা করে পরিস্থিতি শান্ত করেন।

স্থানীয় বাসিন্দারা এই জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রচলিত আইন অনুযায়ী অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন