ধলাই নদী থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ণ
ধলাই নদী থেকে শিশুর লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ধলাই নদী থেকে তামিম ইকবাল নামে ৫ বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত তামিম ইকবাল কাটাবিল গ্রামের স্থানীয় বাসিন্দা পরিবারের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৭unit জুন) রাতে কাটাবিল গ্রামে নিজ বাড়ির সামনে গ্রামীণ সড়কের সংস্কার কাজ চলছিল। শিশু তামিম সেখানে দাঁড়িয়ে রাস্তার কাজ দেখছিল। এ সময় আকস্মিকভাবে তার শরীরে কাদা ছিটকে পড়ে। এতে সে ঘরে গিয়ে তার পরনের টি-শার্টটি খুলে ফেলে এবং খালি গায়ে আবার বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

পরিবারের লোকজন ও গ্রামবাসী মিলে সারারাত সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তামিমের কোনো সন্ধান পাননি। আজ দুপুরে বাড়ির পাশে ধলাই নদীতে তার নিথর দেহ ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। কাদা পরিষ্কার করতে গিয়ে সে অসাবধানতাবশত নদীতে পড়ে তলিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জুমের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। শিশুটির অকালমৃত্যুতে পুরো পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।"

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দীন বলেন, "ধলাই নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন