নাটোরে ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু
মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মধু (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি গরুর হাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মধু পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, লালমণিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘লালমণি এক্সপ্রেস’ ট্রেনটি মালঞ্চি রেলস্টেশন অতিক্রম করার সময় মধু রেললাইনের ওপর বসে মনোযোগ দিয়ে ফোনে কথা বলছিলেন। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা ট্রেনটি তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি লাইনের পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাটের ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয় বাসিন্দা মোঃ ফজলুল হক বলেন, “অসাবধানতা এবং রেললাইনের ওপর চলাচলের ক্ষেত্রে সচেতনতার অভাবের কারণেই এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। রেললাইন কোনো বসার জায়গা নয়, সেখানে বসে মোবাইলে কথা বলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।”
এই মর্মান্তিক দুর্ঘটনার পর নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়রা রেললাইনের আশপাশে চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা
|