ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের নৃশংস আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত সুলতান আলী মন্ত্রীগাঁও গ্রামের মৃত ইরফান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পারিবারিক একটি বিষয় নিয়ে সুলতান আলীর সঙ্গে তাঁর ছেলে ফয়েজ মিয়ার (৩৪) তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফয়েজ মিয়া ঘর থেকে একটি ধারালো কুড়াল এনে তাঁর বাবার মাথার পেছনে সজোরে আঘাত করেন। এতে সুলতান আলী গুরুতর রক্তাত্ব ও আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের অন্য সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তবে আহত বাবাকে হাসপাতালে নিয়ে আসার পর অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত ছেলে ফয়েজ মিয়া কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।
হত্যাকাণ্ডের খবর পেয়ে আজ শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং এসআই (নিরস্ত্র) মজিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে ফয়েজ মিয়া পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
এআইএল/সকালবেলা
|