দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার: মনজুর এলাহী এমপি
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের পুনর্বাসনে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদান তুলে দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
অনুষ্ঠানে মোট ৪৯ জন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকারভোগীর মধ্যে ৭৬ বান্ডিল ঢেউটিন, ২ জনকে বিভাটেক এবং ৪০ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ ছাড়া ১৪০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। দুস্থ মানুষের জীবনমান উন্নয়ন এবং তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকারের এই ধরনের মানবিক ও কল্যাণমুখী সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সম্মানিত জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।
এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এআইএল/সকালবেলা
|