মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি: মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেনকে আড়ম্বরপূর্ণ পরিবেশে সংবর্ধনা প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। 

আজ শনিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের তৃতীয় তলায় এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সালাম নবনিযুক্ত উপাচার্যের ভূয়সী প্রশংসা করেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, “মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেন আমার অত্যন্ত কাছের একজন মানুষ। বিপদে-আপদে বা যেকোনো পারিবারিক প্রয়োজনে রাত ১২টা বা ১টায় ডাকলেও তাঁকে সব সময় পাশে পেয়েছি। তিনি সত্যিই বিশাল মনের অধিকারী।”

নিজের বিনয় প্রকাশ করে তিনি আরও বলেন, “চেয়ারম্যান হিসেবে আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ, আমার অভিজ্ঞতা ও ধৈর্য তুলনামূলক কম। কিন্তু ড. তোজাম্মেল ছিলেন যেমন চরম ধৈর্যশীল, তেমনি অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব। তাঁর প্রস্থানে আমাদের বিভাগে যে শূন্যতা তৈরি হবে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।”

এ সময় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন