রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ
রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: মানসনদ নবায়ন না করে মানচিহ্ন ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে রাজশাহীতে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মানসনদ নবায়ন ছাড়াই বোতলজাত পানি বিক্রির দায়ে ‘রোজ পিওর ড্রিংকিং ওয়াটার’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, বিএসটিআইয়ের সনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির অপরাধে ‘শোয়াইব সিফাত বেকারী’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আদালত।

এআইএল/সকালবেলা