নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ আহত ১৫
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে পাগলা তালতলা এলাকার ‘নির্জন গার্মেন্টস’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানাটির বয়লারে দীর্ঘদিন ধরেই ত্রুটি ছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিস্ফোরণের পর আতঙ্কিত শ্রমিকরা দ্রুত বের হতে গিয়ে বিপাকে পড়েন, কারণ কারখানার জরুরি বহির্গমন পথ মালামাল দিয়ে অবরুদ্ধ ছিল।
দুর্ঘটনার পর শ্রমিকরা কারখানার পিএম জসিম উদ্দিন ও সুপারভাইজার মনিরকে অবরুদ্ধ করে মারধর করেন। এরপর তারা প্রায় দুই ঘণ্টা নারায়ণগঞ্জ-ঢাকা পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
আহতদের মধ্যে আরবিন, জাকির, মঞ্জু, শাহীন, জয়, হৃদয়, সাবিনা, খাদিজা, নাসিমা, আল-আমিন ও অন্তরের নাম পাওয়া গেছে। তাদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত। এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি, তবে বিষয়টি যাচাই করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও কারখানার নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
জান্নাত সকালবেলা
|