ভাঙ্গা ভূমি অফিসে রাজস্ব আদায়ে রেকর্ড সাফল্য
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ভূমি অফিস ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় ও ভূমি সেবা প্রদানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদায়ী অর্থবছরে কার্যালয়টি বিভিন্ন খাত থেকে মোট ৩ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৫৯৩ টাকা রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে ভূমি ব্যবস্থাপনায় এ অগ্রগতি এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রাপ্ত তথ্যমতে, ভূমি উন্নয়ন কর (সাধারণ) খাতে ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৫২৩ টাকা এবং সরকারি সংস্থার ভূমি উন্নয়ন কর থেকে রেকর্ড ৮২ লাখ ৩৭ হাজার ৩৪৫ টাকা আদায় হয়েছে। এ ছাড়া অনুমোদিত নামজারি থেকে ৯৮ লাখ ৯০ হাজার টাকা, বাতিল নামজারি থেকে ২ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকা, অর্পিত সম্পত্তির লিজমানি থেকে ১৫ লাখ ৭৬ হাজার ৪৯৮ টাকা, হাট-বাজার একসনা বন্দোবস্ত থেকে ৮ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা এবং জলমহাল ইজারা থেকে ৭ লাখ ৩৭ হাজার ৬১২ টাকা রাজস্ব অর্জিত হয়েছে।
ভূমি সেবাকে সহজ করতে নিয়মিত গণশুনানির আয়োজনের পাশাপাশি অনিয়ম ও ভূমি অপরাধ দমনেও ছিল তৎপরতা। গত অর্থবছরে ৩৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫৬টি মামলায় ১৮ লাখ ৭৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে ৩৭০টি মিস কেসসহ ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারার ৫৫০টি মামলা ও অন্যান্য আইনি প্রতিবেদন দ্রুত নিষ্পত্তির মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। ফলে সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয় সেবাপ্রত্যাশীরা।
এআইএল/সকালবেলা
|