ভাঙ্গায় ৪৩টি সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করালেন এমপি শহিদুল ইসলাম বাবুল

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ
ভাঙ্গায় ৪৩টি সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করালেন এমপি শহিদুল ইসলাম বাবুল
এমপি শহিদুল ইসলাম বাবুল

হুসাইন আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা: সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৪৩টি সড়ক উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন করিয়ে উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম বাবুল।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে এই ৪৩টি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের পাশাপাশি চান্দ্রা ইউনিয়ন পরিষদের জন্য একটি আধুনিক নতুন ভবন নির্মাণেরও প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে। এসব মেগা উদ্যোগ বাস্তবায়িত হলে পুরো ভাঙ্গা উপজেলার অভ্যন্তরীণ ও আন্তঃউপজেলা যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী গতি সঞ্চার হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই ভাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ও ভৌত অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। শুধু নতুন প্রকল্প অনুমোদনই নয়, এর আগে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন এবং চলমান নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ সড়কগুলোর আধুনিকায়ন সম্পন্ন হলে স্থানীয় কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ গ্রহণ অত্যন্ত সহজ হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে।

এ বিষয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “এলাকার মানুষের জীবনমানের ইতিবাচক রূপান্তর এবং দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার টেকসই সমাধানই আমার মূল অঙ্গীকার। উন্নয়ন কেবল নথিপত্রে সীমাবদ্ধ না রেখে জনগণের বাস্তব জীবনে তার সুফল পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

জানা গেছে, এই ৪৩টি অনুমোদিত সড়ক ছাড়াও ভাঙ্গা উপজেলার আরও প্রায় ৬০টি সড়ক উন্নয়ন প্রকল্প বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডও সমানতালে এগিয়ে চলছে।

দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মাথায় এত বিপুলসংখ্যক উন্নয়ন প্রকল্পের অনুমোদন লাভকে ভাঙ্গার সার্বিক যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি অনন্য মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয় সুধীজন ও সাধারণ বাসিন্দারা।

মন্তব্য করুন