উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে নিষিদ্ধ জাল ধ্বংস

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ণ
উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে নিষিদ্ধ জাল ধ্বংস

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজারে বিশেষ অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

আজ বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধিত-২০২৫) এর ধারা ৫(১) অনুযায়ী উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজার দিকনির্দেশনায় এতে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার।

অভিযানে ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী এবং উজিরপুর মডেল থানার এসআই মো. ফাহাদসহ পুলিশের একটি দল অংশ নেয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, বাজারটিতে তল্লাশি চালিয়ে মোট ১৯২টি চায়না দুয়ারি জাল, ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮৯টি বোডা জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। পরবর্তীতে জব্দ করা নিষিদ্ধ এসব জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, "দেশীয় মাছের প্রজনন ও মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল বিক্রি বা মজুদের সঙ্গে জড়িত অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেন, "মৎস্য সম্পদ আমাদের জাতীয় সম্পদ। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন