ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সহ-সভাপতিসহ ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৩ জুন) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে উপজেলার কয়রা এলাকার একটি আঞ্চলিক সড়ক থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামারখন্দ উপজেলার আলোকদিয়ার গ্রামের রাকিব হোসেন (২৮), একই গ্রামের হাজী কোরব আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য রাজন সরকার (১৯), ছাত্রলীগ কর্মী রুবেল রানা (২৪), উল্লাপাড়া উপজেলার ঝিকিরা গ্রামের সৈকত (২৪) এবং ডুবডাঙ্গা গ্রামের সাহেব আলী (২০)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রূপকর জানান, মঙ্গলবার রাতে উপজেলার কয়রা এলাকার আঞ্চলিক সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ৫০ থেকে ৬০ জনের একটি দল ব্যানার নিয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে চারদিকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকেই ধাওয়া করে ওই ৫ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।