কোটচাঁদপুরে বাইকারদের মাঝে ঠান্ডা পানি বিতরণ
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে তীব্র গরমে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মোটর সাইকেল চালকদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর পৌর ছাত্রদলের উদ্যোগে স্থানীয় বলুহর বাসস্ট্যান্ডের টোটন ফিলিং স্টেশনে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।
জ্বালানি সংকটের কারণে গত তিন দিন ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে পুনরায় তেল দেওয়া শুরু হলে কোটচাঁদপুরের তিনটি পাম্পেই বাইকারদের উপচে পড়া ভিড় দেখা যায়। একদিকে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে প্রখর সূর্যের তাপ ও ভ্যাপসা গরমে যখন বাইকাররা হাঁসফাঁস করছিলেন, ঠিক তখনই পানির বোতল নিয়ে তাঁদের পাশে হাজির হন ছাত্রদলের নেতাকর্মীরা।
ঠান্ডা পানি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন লাইনে দাঁড়িয়ে থাকা ভুক্তভোগীরা। পাঁচলিয়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল আলীম বলেন, "এমন মানবিক উদ্যোগ মানুষের মনে আশা জাগায়। সমাজের সবাই যদি এভাবে একে অপরের বিপদে পাশে দাঁড়াত, তবে হিংসা-বিদ্বেষ অনেক কমে যেত।"
পৌর ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার বাধন রাজবীর (নিশু) বলেন, "মানুষের কষ্ট লাঘবে আমরা আগে থেকেই বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের কষ্ট দেখে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও আমাদের এই ধরনের জনসেবামূলক কাজ অব্যাহত থাকবে।"
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান আজিম, কোটচাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ আমিন ইমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর আজাদ ও সায়েফ আল জাবীর।
এ.আই.এল/সকালবেলা